প্রতি বছরের মতো এবারও বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করছে মাদরাসাতুল মদিনা বগুড়া। আলেম ও উদ্যোক্তা মুফতি মনোয়ার হোসেনের পরিকল্পনা ও উদ্যোগে নামপ্রকাশে অনিচ্ছুক একজনের অর্থায়নে পরিচালিত হয় ‘স্ট্রিট ইফতারি’ বিতরণ কর্মসূচি।
২০২০ সালে করোনার নিঃসঙ্গ কঠিন সময়ে এই ব্যতিক্রমী উদ্যোগটির সূচনা করেন মাদরাসাতুল মদিনা বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন।স্ট্রিট ইফতার প্রসঙ্গে মুফতি মনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘বিগত তিন বছর যাবৎ আমরা স্ট্রিট ইফতারি বিতরণ করছি, এবারও রমজানের শুরুর দিন থেকেই কার্যক্রম চলছে- আলহামদুলিল্লাহ। প্রতিদিন শতাধিক ইফতারির প্যাকেট পথচারী রোজাদারের মধ্যে বিতরণ করা হয়।
মাদরাসাতুল মদিনার ছাত্ররা এই স্বেচ্ছাসেবায় অংশগ্রহণ করেন।’স্ট্রিট ইফতার ছাড়া বগুড়া শহরতলিতে অবস্থিত এই কওমি মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় আরও কয়েকটি সমাজকল্যাণমূলক ও দাতব্য কার্যক্রম নিয়মিত চলছে। সেগুলো হলোÑ ১. মসজিদভিত্তিক দ্বীনি আলোচনা সভা ও ইফতার মাহফিল, ২. ইউকেভিত্তিক দাতব্য সংস্থা ‘সিম্পল রিজন’র অর্থায়নে ১০০টি পরিবারের মাঝে ইফতারি ও নিত্যদ্রব্য বিতরণ, ৩. একশ জন দরিদ্র আলেমকে ঈদের পোশাক বিতরণ, ৪. প্রতি মাসে বিধবা, অনাথ-দুস্থদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা প্রদান, ৫. এতিম ছাত্রদের সার্বিক সহযোগিতা প্রদানের মাধ্যমে আলেম হিসেবে গড়ে তোলা।
সমাজের সর্বস্তরে ইসলামি শিক্ষার প্রচার-প্রসারের লক্ষ্যে সময়োপযোগী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন মুফতি মনোয়ার হোসেন। তিনি আশা করেন, আলেমরা শুধু মসজিদ-মাদ্রাসায় আবদ্ধ না থেকে সমাজের উন্নয়নে ও মানুষের দুরবস্থা দূরীকরণে এগিয়ে আসবেন, কাজ করে যাবেন। এ লক্ষ্যে তিনি সর্বস্তরের মুসলমানদের অনুরোধ করেন, তারা যেন আলেমদের দ্বীনি ও সমাজসেবামূলক কাজে অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সাহায্য-সহযোগিতা করেন।
![]()
