জুমাস ডেস্ক: সিলেট বিভাগের নদীগুলোতে পাহাড়ি পানির ঢল ও বন্যা হওয়ার আশঙ্কা “কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ” এ কথা জানিয়েছেন ।
তিনি গত বৃহস্পতিবার (১৫ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আশঙ্কার কথা জানিয়ে লিখেছেন, গত বুধবার (১৪ জুন) দুপুর হতে সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং মেঘালয় পর্বতের সীমান্তবর্তী স্থানে (চেরাপুঞ্জি নামক স্থানে) খুবই ভারী বৃষ্টিপাত হয়েছে, এরপর থেকে দিন রাত বিরতিহীন ভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে, এখনও মুষলধারে ভারী বৃষ্টিপাত চলছে।
গত বৃহস্পতিবার থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার ভারতীয় সীমান্তবর্তী স্থানের নদীগুলোতে পাহাড়ি পানির ঢল নামা শুরু হয়েছে। আবহাওয়ার সব পূর্বাভস মডেল থেকে বলা হচ্ছে, আগামী ২৫ জুন পর্যন্ত সিলেট বিভাগের সব জেলাগুলোর ওপর ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে ।
আরও বলা হচ্ছে প্রধান-প্রধান আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আগামী ২৫ জুন পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলা ও মেঘালয় পর্বতের সীমান্তবর্তী স্থানে (চেরাপুঞ্জি নামক স্থানে) ১০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা।
আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ শেষে আরও লেখেন, আবহাওয়ার পূর্বাভাস সঠিক হলে সিলেট বিভাগের জেলাগুলোতে একটি মাঝারি মানের বন্যার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে ২৫ জুনের মধ্যে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গত বুধবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে এ বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।
– মোহাম্মদ মামুন রশিদ
![]()
