ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অভিজাত এলাকার স্বর্ণের অলংকারের দোকানে ঘটেছে দিনদুপুরে ডাকাতির ঘটনা। আর ডাকাতদের বেশভূষাও ছিল রীতিমতো অভিজাত। দোকানটি থেকে কোটি ইউরো মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাতদলটি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানিয়েছেন, তিন সদস্যের ওই ডাকাতদলে ছিল দুজন পুরুষ ও একজন নারী।
‘বুলগারি’ নামের ওই দোকান থেকে ১০ মিলিয়ন ইউরো (১২ মিলিয়ন ডলার) মূল্যের গয়না চুরি করে সশস্ত্র ওই ডাকাত দল। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১৩১ কোটি ৮১ লাখ টাকা।
তারা সবাই ছিল জমকালো পোশাকে। পুরুষ দুজনের পরনে ছিল ধূসর রঙের স্যুট এবং ওই নারীর পরনে ছিল সবুজ দামি জামা ও কালো রঙের ট্রাউজার।তাদের হাতে ছিল সাইলেন্সারযুক্ত পিস্তল। মধ্যাহ্নভোজের সময় প্যারিসের অভিজাত দে লা পে সড়কে অবস্থিত পিয়াজে স্টোরে ঢোকে ডাকাতদলটি।
দোকানের কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুটপাট করে পালিয়ে যায় তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ডাকাতরা দোকানটিতে সাজিয়ে রাখা সব স্বর্ণালংকার লুট করে।তাতে তারা এক থেকে দেড় কোটি ইউরো মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফ্রান্সের বিশেষ বিআরবি পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মাস তিনেক আগে প্যারিসের প্লাস ভাদোম এলাকার একটি বিলাসবহুল স্বর্ণালংকারের দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র ওই ডাকাতদলটিতেও তিনজন সদস্য ছিল।ডাকাতির পর তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
সূত্র : বিবিসি
![]()
