জুমাস ডেস্ক: সিলেট নগরবাসীর চলমান আন্দোলনের পর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বহুল আলোচিত ২৭টি ওয়ার্ডের নতুন করে বর্ধিত হোল্ডিং ট্যাক্স বাতিল ঘোষণা করেছেন মেয়র আনোয়রুজ্জামান চৌধুরী।
গতকাল শুক্রবার (২৪ মে) রাত ৮টায় নগর ভবনের সভা কক্ষে এক জরুরী সাধারণ সভা জেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ তথ্য জানান সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান,সচিবসহ বিভিন্ন শাখার কর্মকর্তাগণ ।
সম্প্রতি সিলেট নগরী উত্তপ্ত হয়ে উঠেছিল হোল্ডিং ট্যাক্স কে কেন্দ্র করে। ট্যাক্স বেড়েছিল কোথাও সহস্রগুণ, কোথাওবা কয়েকশ গুণ! এমন পরিস্থিতিতে প্রতিবাদ উঠছিল বিভিন্ন মহল থেকে।
সিসিক মেয়র আগে নগরভবনে তার পরিষদকে নিয়ে সাধারণ সভায় দীর্ঘ আলোচনার পর তিনি পরিষদের সদস্যদের নিয়ে পৌঁছান সিলেট জেলা পরিষদ মিলনায়তনে। সেখানে সিটি করপোরেশনের উদ্যোগে আগে থেকেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সাংবদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিসিক মেয়র বলেন, আপাতত এই অ্যাসেসমেন্ট বন্ধ থাকবে। আবার নতুন করে তা করা হবে। সেক্ষেত্রে রাজশাহী বা খুলনার মতো সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে তা করা হবে।
তিনি বলেন, কাউন্সিলররাসহ নগরীর প্রতিটি এলাকার সচেতন মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেই হোল্ডিং ট্যাক্স রি-অ্যাসেসমেন্ট করা হবে।
তিনি বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র। জনগণের প্রতিপক্ষ নই। সুতরাং জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ বা এমন কোনো সিদ্ধান্ত আমার দ্বারা বাস্তবায়ন হবে না। ইতিমধ্যে যারা নতুন অ্যাসেসমেন্ট অনুযায়ী ট্যাক্স প্রদান করেছেন তাদের মূল্যবান অর্থ পরবর্তীতে নতুনভাবে সমন্বয় করারও ঘোষণা দিয়েছেন সিসিক মেয়র।
তবে মেয়র আনোযারুজ্জামান চৌধুরী শুরু থেকেই বলেছিলেন, জনগণের বিপক্ষে যায় এমন কোনো সিদ্ধান্তের কাগজে তিনি সই করবেন না। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। তিনি নগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
![]()
