নিউজিল্যান্ডকে ৭২ হারিয়ে অস্ট্রেলিয়ার জয়, ১৫ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো

নিউজিল্যান্ডকে ৭২ হারিয়ে অস্ট্রেলিয়ার জয়, ১৫ বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতলো

জুমাস ডেস্ক: সফরকারী অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের অলরাউন্ড নৈপুণ্য এবং স্পিনার এডাম জাম্পার বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে।
১৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো তারা।

গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ইডেনের পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ বলে ৩২ রানের সূচনা পায় অস্ট্রেলিয়া। জুটিতে ৭ বলে ১১ রান করে নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসনের শিকার হন ওপেনার স্টিভেন স্মিথ।

অধিনায়ক মিচেল মার্শ দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ট্রাভিস হেড কে নিয়ে ২৭ বলে ৫৩ রান যোগ করেন। মারমুখী মেজাজে ২টি চার ও ৫টি ছক্কায় ২২ বলে ৪৫ রান করা হেডকে শিকার করে জুটি ভাঙেন পেসার বেন সিয়ার্স।

ওপেনার ট্রাভিস হেড ফেরার পর অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। মার্শ ২৬, গ্লেন ম্যাক্সওয়েল ৬, জশ ইংলিশ ৫, টিম ডেভিড ১৭ ও ম্যাথু ওয়েড ১ রানে আউট হন।

কামিন্স ও নাথান এলিস ১৩৮ রানে সপ্তম উইকেট পতনের পর অষ্টম উইকেটে ২৮ বলে ৩৩ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ১৭৪ রানের সংগ্রহ এনে দেন। ৫টি চারে ২২ বলে ২৮ রান করেন কামিন্স। ১১ রানে অপরাজিত থাকেন এলিস। নিউজিল্যান্ডের ফার্গুসন ১২ রানে ৪ উইকেট নেন।

ম্যাক্সওয়েল এই ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২৬ ছক্কার রেকর্ড গড়েন। এতে ভেঙে যায় অ্যারন ফিঞ্চের ১২৫ ছক্কার রেকর্ড।

নিউজিল্যান্ড সিরিজে সমতা ফেরাতে ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়ান পেসারদের তোপে সপ্তম ওভারে ২৯ রানে ৪ উইকেট হারায়। ফিন অ্যালেন ৬, উইল ইয়ং ৫, অধিনায়ক মিচেল স্যান্টনার ৭ ও মার্ক চাপম্যান ২ রান করেন।

গ্লেন ফিলিপস ও জশ ক্লার্কসন পঞ্চম উইকেটে ৩২ বলে ৪৫ রান যোগ করে নিউজিল্যান্ডকে চাপমুক্ত করেন। দলীয় ৭৪ রানে ক্লার্কসনকে ব্যক্তিগত ১০ রানে আউট করে জুটি ভাঙেন স্পিনার জাম্পা।

জাম্পা আরো ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ১০২ রানে অলআউট করে অস্ট্রেলিয়ার সিরিজ জয় নিশ্চিত করেন। ৩টি চার ও ২টি ছক্কায় নিউজিল্যান্ডের পক্ষে ৩৫ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। জাম্পা ৩৪ রানে ৪টি ও কামিন্স ১৬ রানে ২ উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ম্যাচ সেরা হন কামিন্স।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ১৯.৫ ওভারে ১৭৪ (হেড ৪৫, স্মিথ ১১, মার্শ ২৬, ম্যাক্সওয়েল ৬, ইংলিস ৫, ডেভিড ১৭, ওয়েড ১, কামিন্স ২৮, এলিস ১১*, জাম্পা ১, হ্যাজলউড ০;

বোলিং: বোল্ট ৪-০-৪৯-০, মিলনে ৪-০-৪০-২, ফার্গুসন ৩.৫-০-১২-৪, সিয়ার্স ৪-০-২৯-২, স্যান্টনার ৪-০-৩৫-২)

নিউজিল্যান্ড: ১৭ ওভারে ১০২ (অ্যালেন ৬, ইয়াং ৫, স্যান্টনার ৭, ফিলিপস ৪২, চ্যাপম্যান ২, ক্লার্কসন ১০, মিলনে ০, বোল্ট ১৬, ফার্গুসন ৪, সিয়ার্স ২*, কনওয়ে আহত অনুপস্থিত;

বোলিং: হ্যাজলউড ৪-১-১২-১, কামিন্স ৩-০-১৯-১, এলিস ৩-০-১৬-২, মার্শ ৩-০-১৮-১, জাম্পা ৪-০-৩৪-৪)

ফল: অস্ট্রেলিয়া ৭২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)।

 

 

Loading