সুনামগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী (৪৫) ও অপরজন দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. ঈসমাইল (৪২)।  

বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ বাড়ির পাশে হাওড়ে মাছ ধরার সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতে আহত হন আমীর আলী ও ঈসমাইল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, দুপুরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তারা মারা যান। তাদের শরীরের পোড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

Loading