গত মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর উত্তাল হয়ে ওঠে দেশটি। পিটিআইয়ের নেতা-কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এখন পর্যন্ত দেশটিতে ৮ জনের মৃত্যু হয়েছে। এ অশান্তির জেরে দেশটিতে সব পরীক্ষা বাতিল করেছে ব্রিটিশ কাউন্সিল। চলমান সহিংস বিক্ষোভের মধ্যে ব্রিটিশ কাউন্সিল পাকিস্তানে আজ বৃহস্পতিবারের (১১ মে) নির্ধারিত সব পরীক্ষা বাতিল করেছে ব্রিটিশ কাউন্সিল।
এদিকে দ্য ডন–এর খবরে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (১২ মে) পর্যন্ত সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে দেশটির পাঞ্জাব উচ্চশিক্ষা বিভাগ। আজ ও কাল শুক্রবার অনুষ্ঠেয় সব মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে পাঞ্জাব প্রদেশ।
পাকিস্তানের পরিস্থিতির কারণে ব্রিটিশ কাউন্সিল বুধবার এক বিবৃতিতে বলেছে, কেমব্রিজ ইন্টারন্যাশনালের পরীক্ষাসহ ও-লেভেল, এ-লেভেল, পিয়ারসন, ইউনিভার্সিটি অব লন্ডন, এসিসিএ এবং আইইএলটিএস পরীক্ষাসহ পাকিস্তানজুড়ে নির্ধারিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী হালনাগাদ তথ্যের জন্য ব্রিটিশ কাউন্সিলের অফিশিয়াল পেজে নজর রাখতে বলা হয়েছে।
![]()
