স্বাধীনতার জন্য
– মাকসুদা আহমেদ
এক টুকরো মানচিত্রের স্বাধীনতার জন্য,
ভালোবাসার শিশির মেখে , বাজী রেখে
বেঁচে থাকার স্বপ্ন সুখের রঙ্গীন বিলাস;
উদ্দমতায়, অকাতরে দিল যারা মহা প্রাণ;
লক্ষ হৃদয় বিসর্জনে হাসি মুখে শহীদ হলো
লিখতে গিয়ে একটি দেশের ন নতুন ইতিহাস।
এসো তাদের স্মরণ করি নত চিত্তে
স্মরণ করি পাখ পাখালীর নরম গানে
সশ্রদ্ধ চিত্ত মনে স্মরন করি তাদের,
যারা আমার দুঃখী মাকে ভালোবেসে
যত্ন করে দিয়ে গেলো সোনার চেয়েও দামী
এমন সোনার এক টুকরো সোনার বাংলাদেশ।
বুকের ভেতর আঁকড়ে যাকে গাইতে পারি
আমি তোমায় ভালোবাসি…..
আমরা যেন ভুলে না যাই কাজ রয়েছে অনেক বাকি
রঙ্গীন কথার ফুলঝুরিতে ফুলিয়ে না দেই ফাঁকা বেলুন।
আজকে এসো এই ব্রতে শাস্বত হই
ভালোবাসি মানুষ, ভালোবাসি দেশ
সকল হিংসা , সকল বিদ্বেষ পরাস্ত হোক
নতুন ভোরের আবাহনে
বাঁচিয়ে রাখি মাকে আমার বাঁচিয়ে রাখি দেশ।
![]()
