স্বদেশের চিত্র – মনজুর কাদের

স্বদেশের চিত্র
– মনজুর কাদের

কোথা আছো সুধীজন/শত্রু কী মিত্র
কান খুলে শুনে যাও/ স্বদেশের চিত্র
সময়ের বাঁকে বাঁকে/ রাখা আছে চিহ্ন
আমাদের শিশুকালে/ চিত্রটা ভিন্ন

সূর্য যখন /উঁকি দিত /ওর ছটায়
আড়মোড়াতে /ঘুম ভাঙ্গিত/ ভোর ছ’টায়
কিশোর বেলার /সুখ সানকি /নিই দু হাতে
শীত সকালে/ খড় আগুনে/ তাপ পোহাতে
খুবই ভোরে /মন যে দিতাম /আমপারাতে
পটুই ছিলাম /বড়ই এবং/ জাম পারাতে
পাখির বাসা /কোথায় মাছের /ঝাঁক ছিল
নখের আগায় /এসব খোঁজের /বাঁক ছিল
ওই গেরামে /সবার মুখে/ হাসি ছিল
পাড়ায় পাড়ায় / মা কাকি আর /মাসি ছিল
ওই গেরামের /কিশোররা যেই /ডাঙ্গর হলো
কিছু হোল গোবেচারা /কিছু কিছু/ হাঙ্গর হলো
হাঙ্গর গুলোর /কী দাপট আর/ কী চেহারা
অত্যাচারে /গ্রামবাসী সব/ দিশেহারা

হিংসার বিষ ঢালে/ প্রীতি আর সন্ধিরে
ঘৃণার আগুন জালে/ গির্জা ও মন্দিরে
দুর্নীতি স্মাগলিং /কে যে হারে কে জিতে
সোনার চালান করে/ সেরে আর কেজিতে
চাঁদাবাজি মাস্তানি/ গুম আর খুন হয়
অশ্লীল স্ক্যান্ডেলে /কারো মুখ চুন হয়
রোমিও গুণ্ডারা/ সদা পাছ পাছ রয়
মায়েরা বোনেরা নেয় /হিজাবের আশ্রয়
বোনেদের পেছনে /সারমেয় ঘেউ ঘেউ
আত্ম হননের পথ/ বেছে নেয় কেউ কেউ

মুক্তির পণ নিয়ে /বীভৎস কাহিনী
এইসবে যোগ দেয়/ সরকারি বাহিনী
পিশাচের হুংকারে /রক্তের কুলি করে
গোবেচারা বন্দির /দুই পায়ে গুলি করে
মুক্তিযোদ্ধা যারা/ আজ তাঁর খালি হাতই
সচিবরা শুরু করে/সনদের জালিয়াতি
সুসাশন চেয়ে চেয়ে /কার দ্বারে ঘুরি রে
ক্রেস্টের সোনাও /হয়ে যায় চুরি রে
সরকারি মন্ত্রি ও/ জাঁদরেল আমলা
অনায়াসে বলে যায়/ প্রবাসিরা কামলা

এই কথা কী /যায় বলা ভাই /যাকে তাকে
ওই গেরামেই /মনটা আমার /পড়ে থাকে
ওই গেরামের /পাখ পাখালি /মাছের ঝাকে
ওই গেরামের /দিঘি পুকুর/ খালের বাঁকে
এমন মধুর /আবেশ বোলো/ কিসে আছে ?
কিশোর বেলার/ হাজার স্মৃতি/ মিশে আছে
ওই গেরামের /প্রতিটি ঘাস /চেনা আমার
ওই গেরামে /স্বজন বোলো /কে না আমার ?

একটু খানি /প্রানের হাওয়া /দিস শেকড়ে
ওই গেরামেই /যেতে আমার/ ইচ্ছে করে

Loading