অমৃত পথের যাত্রী
– সুরীত বড়ুয়া
কে যায় ওই অমৃতধামে-
আলোর পথ ধরি ?
এখনো রাত্রির গায়ে লেপ্টে রয়েছে –
বিষন্ন বিবশ আঁধার শর্বরী।
এই অবেলায় অসময়ে-
কাহার হাত ধরে অদৃশ্য পথ চলা,
এখানে কতো শব্দ, কতো কোলাহল ;
রয়েছে হলাহল, অচলা পৃথিবী চঞ্চলা।
পড়ন্ত বিকেলের অস্তমিত গোধূলি
আসেনি এখনো এ মরু প্রান্তরে,
প্রাণের কথা, প্রাণের আবেগ-
রয়েছে এখনো অন্তর জুড়ে।
বৈশাখের কালো মেঘ-
কেন আসে বারে বার
আমার ঘরের উঠোনে ?
নিষেধের বাধা উপেক্ষা করে-
কেন সে ধায় কোন অজানা পথের টানে ?
দিনের পথ পরিক্রমা শেষে-
আপনি চিনে নেবো পথ,
আপন শেষ গন্তব্যের ঠিকানা;
রাঙা ধুলায় চরণ চিহ্ন রবে শুধু –
আমি তখন একেবারে অচেনা।
![]()
