দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কে স্থাপিত কারখানায় এ গাড়ির উৎপাদন শুরু করেছে ফেয়ার টেকনোলজি লিমিটেড।
গতকাল বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে গাড়ি তৈরি সম্পন্নও করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে মেড ইন বাংলাদেশ হুন্দাই এসইউভি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এবং হুন্দাই মোটর ইন্ডিয়া (এইচএমআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উনসো কিমা। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এবি তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান।
এছাড়া উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহ উদ্দীন, ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কাজী নাসির উদ্দিন, হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘দেশেই জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি উৎপাদন আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়ন করছে। এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশে এ নীতিমালা সহায়ক হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফেয়ার টেকনোলজির হুন্দাই কারখানায় গাড়ির যন্ত্রাংশ সংযোজন ও তৈরি বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য বড় মাইলফলক। গাড়ির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ উদ্যোগ আগামী ২০৪১ সালের মধ্যে আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে।’
ফেয়ার টেকনোলজির পরিচালক ও সিইও মুতাসসিম দায়ান বলেন, ‘বিশ্বসেরা হুন্দাই গাড়ি উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ রাখতে পেরে আমরা গর্বিত। এর মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেল উন্নয়নশীল বাংলাদেশ।
![]()
