জুমাস ডেস্ক : দেশের উদ্ভূত পরিস্থিতিতে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে রোববার থেকে খুলছে না এসব বিদ্যালয়।শনিবার বিকাল ৪টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
তুহিন বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আপাতত আগামীকাল (রোববার) থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
এর আগে গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে ৪ আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়। তবে দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে বলে সেদিন সিদ্ধান্ত দেওয়া হয়েছিল।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
![]()
