অবশেষে দুই মাসের জন্য ‘ক্বীন ব্রীজে’ যান চলাচল বন্ধ ঘোষণা

জুমাস ডেস্ক: অবশেষে সিলেটের অন্যতম পরিচয়বহনকারী হয়ে উঠা স্থাপত্য ‘ক্বীন ব্রীজের’ সংস্কার কাজ কয়েকদফা পেছানোর পর শুরু হচ্ছে। গতকাল বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে ‘ক্বীন ব্রীজ’ দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

গতকাল বুধবার (১৬ আগস্ট) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যান চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়ে ‘ক্বীন ব্রীজের’ দুই পাশে নোটিশ টানিয়েছে রেলওয়ের সেতু বিভাগ।

সংস্কার কাজ শুরু হওয়া প্রসঙ্গে রেলওয়ের পূর্বাঞ্চল সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, সংস্কার কাজ শুরুর জন্য আমরা প্রস্তুত। সব মালামাল ‘ক্বীন ব্রীজ’ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
গতকাল বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়ে শুরু হয়েছে সংস্কার কাজ। আশাকরি দুই মাসের মধ্যেই কাজ শেষ করতে পারবো।

সিলেটের ঐতিহ্যবাহী ‘ক্বীন ব্রীজ’ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘ক্বীন ব্রীজ’।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, জরাজীর্ণ ‘ক্বীন ব্রীজ’ সংস্কারের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।

সিলেট নগরের মাঝামাঝি এলাকার এই সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও এটি সংস্কার করবে রেলওয়ের সেতু বিভাগ। আর সেতুটি দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।

সিলেট সিটি করপোরেশন ২০১৯ সালের ১ সেপ্টেম্বর সেতুটি নড়বড়ে হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে ৫২ দিন পর যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘ক্বীন ব্রীজ’ সিলেট তথা সারাদেশের একটি ঐতিহ্য। সিলেটের পরিচয়বহনকারী স্থাপত্য এটি। তাই এটি টিকিয়ে রাখার স্বার্থে যান চলাচল বন্ধ করে ফুটওভার ব্রিজে (পদচারী সেতু) রূপান্তর করার জন্য একটি প্রস্তাব আমরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) কে দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, নাগরিকদের দাবির মুখে হালকা যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *