রোনালদো কোটি টাকার ঘড়ি উপহার পেলেন

ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসী ও দামি পণ্য সংগ্রহের অভ্যাস বহু পুরোনো। বিলাসবহুল গাড়ি ও ঘড়ি কিনে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছে এ পর্তুগিজ মহাতারকা। আবারও ঘড়ির কারণে আলোচনায় এসেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবল তারকা।

এবার রোনালদোর হাতে দেখা গেছে ৯২ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২৩ লাখ টাকার ঘড়ি। এটি অবশ্য রোনালদো নিজে কেনেননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কো. ঘড়িটি রোনালদোকে উপহারস্বরূপ দিয়েছেন।

রোনালদোর হাতে দেখা যাওয়া সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনালদোকে গোল উদ্‌যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে একটি জায়গায় রোনালদোর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে ‘সিআর সেভেন’ও লিখে রাখা আছে।

আর পেছনের পাশে রোনালদোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনের ছবিও রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন রোনালদো। রোনালদোর উপহার পাওয়া এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।

উপহার পাওয়া ঘড়ি পরে ছবি পোস্ট করে রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ লেগেছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব আরবোকে ধন্যবাদ।’

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *