কন্ডিশন হিসেবে আয়ারল্যান্ডকে এগিয়ে রাখছেন বাশার

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। ইংল্যান্ডের মতো এক কঠিন কন্ডিশনে আগামী ৯ মে থেকে মাঠে নামবে বাংলাদেশ।

নিরপেক্ষ ভেন্যু ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশকে খেলতে হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে তাপমাত্রা দশের নিচে অবস্থান করছে। সবকিছু মিলিয়ে তিন ম্যাচে আইরিশদের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষাই দিতে হবে সফরকারীদের।

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার লাল-সবুজ জার্সিধারীদের জন্য সিরিজ জয় এতটা সহজ হবে না। দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনও তেমনটাই মনে করেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও প্র্যাকটিস করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে।’

কঠিন কন্ডিশনে বাতিল হয়ে যাওয়া প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে ভালো হতো বলে মনে করেন সুমন, ‘তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন। যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের অনুকূলে থাকতো। ওই সময়ে সাধারণত আমরা ইংল্যান্ডে ভালো খেলি। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’

সবকিছিু মিলিয়ে বাশার আইরিশদের কিছুটা এগিয়ে রাখছেন, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয়, তখন তারা খুব ভালো প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশনটা। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে। দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের জন্য শক্ত প্রতিপক্ষ হতে পারে আয়ারল্যান্ড।

Loading