জুমাস ডেস্ক: বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে গতকাল রোববার (১৫ অক্টোবর) নিজেদের তৃতীয় ম্যাচে অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিশ্বকাপেই হারিয়ে ৬৯ রানের জয় পেয়েছে আফগানরা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করে। এক প্রান্ত দিয়ে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ে ১১৬ রানে প্রথম উইকেট হারায় তারা। তরুণ ওপেনার ইব্রাহিম জাদরান ২৮ রান করে আউট হন। পরপরই আউট হন রহমত শাহ। এরপর দলের ১২২ রানে গুরবাজকে হারায় আফগানরা। তরুণ ওপেনার ৫৭ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
দ্রুত উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন হাসমতউল্লাহ শাহেদি (১৪), আজমতউল্লাহ ওমরজাই (১৯) ও মোহাম্মদ নবী (৯)। তবে নাজিব জাদরানের জায়গায় সুযোগ পাওয়া ইকরাম আলী খিল ৬৬ বলে ৫৮ রানের ভালো এক ইনিংস খেলেন। তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। শেষ দিকে রশিদ খান ২৩ ও মুজিব উর ২৮ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। এক বল বাকি থাকতেই ২৮৪ রানে সব উইকেট হারায় আফগানরা। ২৮৫ রানের লক্ষ্য এমনই বা আর কী ইংল্যান্ডের জন্য! কিন্তু শেষ পর্যন্ত দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেওয়ার আক্ষেপটায় যেন বড় হয়ে উঠল জস বাটলারের কাছে। লক্ষ্য তাড়া করে ব্যাটিং বিপর্যয়ে পড়তে সময় লাগেনি তাদের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফজলহক ফারুকির তোপের সামনে এলবিডব্লু হয়ে ফেরেন জনি বেয়ারস্টো (২)। আরেক ওপেনার ডেভিড মালান (৩২) এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও বোল্ড হয়ে ফেরেন জো রুট (১১) ও অধিনায়ক বাটলার (৯)। দেখতে দেখতে ৯১ রানে নেই ইংল্যান্ডের চার টপ অর্ডার। দেয়াল হয়ে ওঠার আগে মালানকে বিদায় করেন আফগানিস্তানের হয়ে প্রথম ১৫০তম ওয়ানডে খেলতে নামা মোহাম্মদ নবী। তবে একাই লড়ে গেছেন হ্যারি ব্রুক। অথচ ইংল্যান্ডের প্রাথমিক দলে ছিলেন না তিনি। অনেক আলোচনার পরে চূড়ান্ত দলে জায়গা পাওয়া। সেই ব্রুকই আজ হাল ধরেছিলেন ইংল্যান্ডের। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগান স্পিনারদের সামনে তিনিও আত্মসমর্পণ করেন। মুজিবের তৃতীয় শিকার হিসেবে ৬১ বলে ৬৬ রানে ফেরেন ব্রুক। তাতেই সব আশা শেষ হয় যেতে বসেছিল ইংল্যান্ডের।
তবে শেষ দিকে আদিলের ২০, উডের ১৮ ও টপলির অপরাজিত ১৫ রান শুধু হারের ব্যবধানটুকুই কমাতে পেরেছে। রশিদ তাঁর শেষ ওভারের তৃতীয় বলে উডকে নিজের তৃতীয় শিকার হিসেবে বোল্ড করলে ঐতিহাসিক জয়ের আনন্দে মেতে ওঠেন আফগানরা। ১৩তম ম্যাচে এসে দেখা গেল এ বিশ্বকাপের প্রথম অঘটন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ৪০.৩ ওভারে ২১৫ রানে অলআউট ফলে আফগানরা বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল ৬৯ রানে।
![]()
