জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পেয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা ৬০ রানে বিধ্বস্ত করেছে দুর্দান্ত ঢাকাকে। সাকিব ব্যাট হাতে ২০ বলে ৩৪ রান করার পর বল হাতে ১৬ রানে নেন ৩ উইকেট এবং ম্যাচসেরা হন ক্যারিয়ারে ৪১তম বারের মতো। স্বীকৃত টি২০ ক্রিকেটের ইতিহাসে বিশ্বে এখন সর্বাধিকবার ম্যান অব দ্য ম্যাচর হওয়ার তালিকায় তিনি যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুর রাইডার্স তোলে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান। জবাবে ঢাকা ১৮ ওভারেই থামে মাত্র ১১৫ রানে। প্রথম সাক্ষাতেও রংপুরের কাছে তারা ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যায়। ষষ্ঠ ম্যাচে এটি ঢাকার টানা পঞ্চম হার। আর সপ্তম ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষস্থান দখল করেছে রংপুর রাইডার্স।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে বিনা উইকেটে ৫০ রান তুলে উড়ন্ত সূচনা পায় রংপুর। ফর্মহীন রনি তালুকদার এদিন বাবর আজমের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৬৭ রান যোগ করেন। অষ্টম ওভারে রনি ২৪ বলে ৬ চার, ১ ছক্কায় ৩৯ রানে আরাফাত সানির বাঁহাতি স্পিনে এলবিডব্লিউ হয়ে যান।
তবে ধীরস্থির বাবর দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে আরো ৫২ রানের জুটি গড়েন ৩৯ বল থেকে। এতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় রংপুর রাইডার্স। তবে ১৫তম ওভারে দুজনকেই শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার অফস্পিনে বাবর ৪৩ বলে ৫ চারে ৪৭ ও সাকিব ২০ বলে ১ চার, ৩ ছক্কায় ৩৪ রানে সাজঘরে ফেরেন। চলতি আসরে এই প্রথম ব্যাট হাতে চার-ছক্কা হাঁকালেন সাকিব। এর আগের ৩ ম্যাচে ব্যাট করে ২, ২ ও ০ করেন।
পরে নুরুল হাসান সোহান ১০ বলে ১টি করে চার-ছক্কায় ১৬ এবং মোহাম্মদ নবি ১৬ বলে ৩ ছক্কায় ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাই শেষ ৫ ওভারে ৪৯ রান তুলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তুলতে সক্ষম হয় রংপুর। মোসাদ্দেক ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪ রানেই ২ উইকেট হারানো ঢাকা পাওয়ার প্লে’র ৬ ওভারে মাত্র ৩২ রান করে চাপে পড়ে।
অফস্পিনার শেখ মেহেদি হাসানের দেওয়া চাপ কাজে লাগিয়ে পরবর্তীতে পেসার হাসান মাহমুদ ও সালমান ইরশাদ এবং সাকিব বিধ্বংসী বোলিংয়ে ২ ওভার বাকি থাকতেই ঢাকাকে গুটিয়ে দেন ১১৫ রানে। একাই লড়াই করা ওপেনার নাইম শেখ ২১ বলে ৩ চার, ৩ ছক্কায় ৪৪ এবং ইরফান শুক্কুর ১৫ বলে ২ চার, ১ ছয়ে ২১ রান করেন। শেখ মেহেদি, সালমান ও হাসান ২টি করে এবং সাকিব ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন।
স্কোর :
রংপুর রাইডার্স ইনিংস- ১৭৫/৪;
২০ ওভার (বাবর ৪৭, রনি ৩৯, সাকিব ৩৪, নবি ২৯*; মোসাদ্দেক ২/৩০)।
দুর্দান্ত ঢাকা ইনিংস- ১১৫/১০;
১৮ ওভার (নাইম ৪৪, ইরফান ২১, তাসকিন ১৫;
সাকিব ৩/১৬, সালমান ২/১৭, হাসান ২/২০, শেখ মেহেদি ২/২২)।
ফল : রংপুর রাইডার্স ৬০ রানে জয়ী।
ম্যাচ সেরা : সাকিব আল হাসান (রংপুর রাইডার্স)।
![]()
