জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছন্দে ফিরতে বেশ দেরিই হয়ে গেল সিলেট স্ট্রাইকার্সের। গত বিপিএলের রানার্সআপ দলটি এবার টুর্নামেন্ট শুরু করেছিল প্রথম পাঁচ ম্যাচের সব কটিতে হেরে। সেই সিলেটই নিজেদের সর্বশেষ সাত ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থেকে বিপিএল শেষ করল সিলেট স্ট্রাইকার্স।
গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে আফিফ হোসেনের ৩৫ বলে ৫২ রানের পরও ৮ উইকেটে ১২৮ রানের বেশি করতে দেয়নি দলটি। সে রান ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে টপকে যায় সিলেট।
খুলনা টাইগার্সের ১২৮ রান তাড়ায় সিলেটের ব্যাটিংটা অবশ্য ভালো হয়নি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তাদের অপেক্ষা করতে হয়েছে ১৮তম ওভার পর্যন্ত। সিলেটের দুই ওপেনার জাকির হাসান ও কেনার লুইস দলীয় ৬ রানের মধ্যে আউট। সে ধাক্কাটা সামলে নেন নাজমুল হোসেন ও ইয়াসির আলী। দুজন মিলে ৬১ বলে ৭০ রানের জুটি গড়েন।
নাজমুল আউট হয়েছেন ৩৭ বলে ৩৯ রান করে, ইয়াসির থেমেছেন ৪৩ বলে ৪৬ রানে। দুজনের কেউই অবশ্য ম্যাচটা শেষ করে আসতে পারেননি।দুজন আউট হলেও মোহাম্মদ মিঠুন ও বেনি হাওয়েল বাকি কাজটা করেন। মিঠুন ১৯ রানে অপরাজিত ছিলেন, হাওয়েল করেছেন অপরাজিত ১২ রান।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইগার্স : ২০ ওভারে ১২৮/৮
(আফিফ ৫২, পারনেল ২১, নাহিদুল ১১;
বোলিং হাওয়েল ৩/১৫, শফিকুল ২/২০, তানজিম ২/৩৬)
সিলেট স্ট্রাইকার্স : ১৮ ওভারে ১৩০/৪
(ইয়াসির ৪৬, নাজমুল ৩৯, মিঠুন ১৯, হাওয়েল ১২;
বোলিং : নাহিদুল ১/১১, হোল্ডার ১/১৯, আরিফ ১/১৯)
ফল : সিলেট স্ট্রাইকার্স ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : বেনি হাওয়েল (সিলেট স্ট্রাইকার্স)।
![]()
