জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে এসে দুর্দান্ত এক ইনিংস খেললেন তানজিদ তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই তরুণ ওপেনারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল। বড় লক্ষ্য তাড়ায় খুলনা টাইগার্সের হাল ধরতে পারেননি কেউই। তাতে বড় ব্যবধানে হেরেছে এনামুল হক বিজয়ের দল খুলনা টাইগার্সে। ৬৫ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় খুলনা টাইগার্স।
পারভেজ হোসেন ইমন বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই সাজঘরে ফেরেন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৬ রান। তিনে নেমে শাই হোপ কিছুটা আশা দেখালেও ফিরেছেন ২১ বলে ৩১ রান করে। এনামুল হক বিজয়ও ভালো শুরু পেয়েছিলেন তবে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান।
খুলনা টাইগার্সের আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। তাতে খুলনা টাইগার্সের ইনিংস ১২৭ রানেই শেষ হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছেন শুভাগত হোম।
গতকাল চট্টগ্রামের জার্সিতে ডেব্যু হয় মোহাম্মদ ওয়াসিমের। তবে তিনি দ্রুত আউট হয়ে যান। এরপর ইনিংস গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তানজিদ তামিম। ৬৫ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে গড়েছেন বিশাল স্কোর। তার নিজের ক্যারিয়ারের অসাধারণ এ ইনিংস সাজিয়েছেন ৮ ছয় আর ৮ চারে।
তানজিদ যখন আউট হন, ততক্ষণে চট্টগ্রামের স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১৭০ রান। তামিম আজ চড়াও হন প্রায় সবার ওপরেই। কোনোভাবেই তাকে আটকানোর রাস্তা পাননি খুলনা টাইগার্সের বোলাররা। প্রথম ১০ বলে ১০ রান করা তামিম সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংসাত্মক হয়ে ওঠেন। ঝড়টা বেশি দেখেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আরিফ আহমেদ।
তৃতীয় উইকেট জুটিতে টম ব্রুসের সঙ্গে ৬১ বলে করেন ১১০ রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত তাকে থামিয়েছেন ওয়েইন পার্নেল। ইয়র্কার লেন্থের বলটা স্ট্যাম্পে আঘাত করার পর স্বয়ং পার্নেলই তামিমকে অভিবাদন জানান।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৯২/৪ (ওয়াসিম ১, তানজিদ ১১৬, সৈকত ১৬, ব্রুস ৩৬, শেফার্ড ১০, শুভাগত ৭;
বোলিং : পারনেল ৪-০-২৭-১, নাসুম ৩-০-৩৩-১, হোল্ডার ৪-০-২৯-১, মুকিদুল ৪-০-৪৫-১, মাহমুদুল ১-০-১১-০, আরিফ ৪-০-৪৬-০)
খুলনা টাইগার্স: ১৯.৫ ওভারে ১২৭ (এনামুল ৩৫, পারভেজ ৬, হোপ ৩১, লুইস ৬, আফিফ ৬, মাহমুদুল ৭, হোল্ডার ১৮, পারনেল ২, নাসুম ৩, মুকিদুল ৩, আরিফ ৬*;
বোলিং: বিলাল ৪-০-১৩-২, শুভাগত ৪-০-২৫-৩, শালিক ১.৫-০-১৫-১, শহীদুল ২-০-১৮-১, শেফার্ড ৪-০-২৫-১, নিহাদউজ্জামান ৪-০-২৯-১)
ম্যান অব দ্য ম্যাচ: তানজিদ হাসান তামিম (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)।
ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬৫ রানের জয়।
![]()
