সুললিত বাংলা
– সুমন শামসুদ্দিন
ভুবনমাঝে গর্বিত এক সুললিত ভাষা-
অনুরাগে আঁকা সে সুরে বাংলাতে পায় আশা।
সপ্তরঙের ভাবের বিকাশ এই ভাষাতেই হয়;
সকল স্বরের সেরাধ্বনি বাংলা-ভাষায় রয়।
সাত-মহাদেশ মাটির প’রে বাংলা খুঁজে পাই;
বাংলা ছাড়া মধুর কোনো ভাষা তো আর নাই!
গূঢ়বোধের বাংলা শব্দে আবেগঘন শ্বাস-
বাংলাবর্ণে মিশে আছে চিত্তরাঙা ভাষ!
গদ্য-পদ্য, কাব্যধারায় বাংলা সুতান ধারা;
বাংলাবিহীন প্রেমিক-যুগল রসের বাক্যহারা!
রূপেরাঙা স্রোতস্বিনীর বক্ষে মাঝির গানে;
বাংলারসের সুরে হারাই মনের গাঢ় টানে!
বর্ষা ভাসে জ্যৈষ্ঠ হাসে- শীতে পিঠার গান;
বাংলারসে ষড়ঋতুর গীতিকাব্যেই প্রাণ!
স্বাধীনমুখে জন্ম হাসে বাংলামায়ের কোলে;
জীবন-যাপন, বিদ্যা ভাসে মধুর বাংলা-বোলে।
জন্ম আমার ধন্য কারণ জন্মমাটি বঙ্গে-
সীমারেখা নেই তো কোনো বঙ্গমাটির অঙ্গে।
একুশ আমার অঙ্গে মাখা বাংলা-চাদর গায়ে;
সপ্তসুরের বাংলা হাসে বিশ্বভাষার নায়ে।
![]()
