মফস্বলি চিত্রকল্প – সোনিয়া কাদির

মফস্বলি চিত্রকল্প
– সোনিয়া কাদির

ধীরে ধীরে আমাদের মফস্বল শহরটা
ডানামেলে কুসুম কুড়িঁতে
তারুন‍্যে লাবন‍্যে বড় হচ্ছে
প্রায়ই দেখা যায়
তার পাথুরে শরীরে
এখানে ওখানে ফুটে আছে
কয়েক স্তবক রক্তিম পলাশ

শহরের সাদামাটা অবয়বে
রঙ মিলিয়ে দিতেই
ঝুমুর ঝুমুর ছন্দে
পাহাড়ের গা বেয়ে নেমে আসে
চঞ্চলা আহ্লাদি এক ছোট্ট নদী

নীলে লাল কারুপল্লী
হাতে হাতে মনুব্রীজ
পানকৌড়ির মাথার উপর
শালুক পাতায় ছড়িয়ে
লিকলিকে ঠ‍্যাঙ
জলের কবিতা লিখে মেছোব্যাঙ
পার হয় মানুষ
পার হয় গরু
পার হয় ঘোড়া-গাড়ি

আমরা এক চিলতে শান্তির আশায়
ভাসিয়ে দিতে থাকি-
আমাদের মফস্বলি হাফ-কোয়ার্টার প্রেম

আমরা বিজ্ঞাপনে ছলচাতুরী দেখে জয় হারিয়ে ফেলা আমজনতা
আমরা জয়যাত্রায় জয়পুরহাটে যাই
নগদমূল্যে জয় কিনে ঘুরে বেড়াই, আর
চারপাশে রামধনু দেখে বুঝতে পারি
আমি ও আমরা –
ক্রমাগত রচিত করে চলছি
কাঁচের চুড়ির রিনিঝিনি
শ্রমের দরদাম, আর
আমাদের ছোট্ট শহরের
বড় হওয়ার উপাচার।

Loading