জুমাস ডেস্ক: বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অল্প পুঁজি নিয়েও জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু পরে আর চাপ ধরে রাখতে পারেননি স্বাগতিকরা। শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ হতে হলো গ্লেন ফিলিপস ও মিচেল স্যন্টনারের অবিচ্ছিন্ন ৭০ রানের জুটির কাছে।
শনিবার (৯ ডিসেম্বর) আইসিসি বিশ্ব ক্রিকেট টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশে মিরপুর স্টেডিয়ামে চতুর্থ দিন চা বিরতির পরপরই ১৩৭ রানের লক্ষ্য পূরণ করে নিউজিল্যান্ড। ফলে বাংলাদেশ ৪ উইকেটে হেরেছে। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করল কিউইরা। সিলেটে প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল। শূন্য রানে বেঁচে যাওয়া ফিলিপস ৪৮ বলে এক ছক্কা ও চারটি চারে করেন ৪০ রান। তার সঙ্গে ৭৭ বলে ৭০ রানের জুটি উপহার দেওয়া স্যান্টনার ৩৯ বলে তিন চার ও এক ছক্কায় করেন ৩৫ রান। মূলত এই জুটির কাছেই হেরে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ফিলিপসের ব্যাটেই ১৮০ রান তুলেছিল কিউইরা। প্রথম ইনিংসে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে পাল্টা আক্রমণে ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন এই মিডলঅর্ডার। বল হাতেও প্রথম ইনিংসে ৩১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক ফিলিপসই। বাংলাদেশ তৃতীয় দিন ২ উইকেটে ৩৮ রান নিয়ে শুরু করা দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় প্রথম সেশনেই। এদিন স্বাগতিকরা ব্যাট করতে পেরেছে কেবল ১১৫ মিনিট। ২৭ ওভার খেলে ১০৬ রান যোগ করতে হারিয়েছে শেষ ৮ উইকেট। শেষ ৭ জুটির কোনোটিই যেতে পারেনি ২০ পর্যন্ত। জাকির হাসান (৫৯) ছাড়া আর কোনো ব্যাটসম্যান ছাড়াতে পারেনিন ১৫। নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল ৫৭ রানে ৬ উইকেট নিয়ে সফলতম বোলার। আরেক বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার ৩ উইকেট নেন ৫১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭২
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৮০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৩৮/২) ৩৫ ওভারে ১৪৪ (জাকির ৫৯, মুমিনুল ১০, মুশফিক ৯, শাহাদাত ৪, মিরাজ ৩, সোহান ০, নাঈম ৯, তাইজুল ১৪*, শরিফুল ৮;
বোলিং: প্যাটেল ১৮-১-৫৭-৬, স্যান্টনার ১১-০-৫১-৩, সাউদি ৬-১-২৫-১)।
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১৩৭) ৩৯.৪ ওভারে ১৩৯/৬ (ল্যাথাম ২৬, কনওয়ে ২, উইলিয়ামসন ১১, নিকোলস ৩, মিচেল ১৯, ব্লান্ডেল ২, ফিলিপস ৪০*, স্যান্টনার ৩৫*;
বোলি; শরিফুল ৫-২-৯-১, মিরাজ ১৬.২-২-৪৭-৩, তাইজুল ১৪-২-৫৮-২, নাঈম ৩-০-১৫-০, মুমিনুল ১-০-৪-০)
ফল: নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজ শেষ ১-১ সমতায়
ম্যান অব দা ম্যাচ: গ্লেন ফিলিপস (৩/৩১, ৮৭ ও ৪০*)
ম্যান অব দা সিরিজ: তাইজুল ইসলাম (২৮ রান ও ১৫ উইকেট)
![]()
