মুসলমান হতে হলে ছয় বিষয়ে বিশ্বাস স্থাপন করতে হয়। এগুলো মুসলমানের ঈমানের স্তম্ভ।

জুমাস ডেস্ক: মুসলমান হওয়ার জন্য ছয়টি বিষয়ের ওপর সব সময় দৃঢ় বিশ্বাস রাখতেই হবে। যেগুলো একজন মুসলমানের ঈমানের স্তম্ভ।

বিষয়গুলি হলো:

১. আল্লাহর প্রতি বিশ্বাস: আল্লাহর ওপর ঈমান আনার অর্থ দৃঢ়তার সাথে এ কথা বিশ্বাস করা, আল্লাহ এক, অদ্বিতীয় ও অতুলনীয়। তাঁর কোনো অংশীদার নেই, তাঁর কোনো কিছুর অভাব নেই। তিনিই সবার সব অভাব পূরণকারী। তিনি কারো বাবা নন, ছেলেও নন। তাঁর সমতুল্য কেউ নেই। একমাত্র তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা, বিধানদাতা। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।

২. ফেরেশতাদের প্রতি বিশ্বাস: ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের অর্থ হলো, ফেরেশতাদের অস্তিত্ব দৃঢ়ভাবে বিশ্বাস করা। তাঁরাও আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাঁদের যা আদেশ করেন, তাঁরা সঙ্গে সঙ্গে তা পালন করেন।

৩. আসমানি কিতাবের প্রতি বিশ্বাস: আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শনের জন্য নবী-রাসুলদের ওপর বিভিন্ন আসমানি কিতাব নাজিল করেছেন। এ কিতাগুলি দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। এ ধরনের বড় বড় কিতাবগুলো হচ্ছে—কোরআন, তাওরাত, জাবুর ও ইঞ্জিল।

৪. রাসুলদের প্রতি বিশ্বাস: এ বিশ্বাস থাকতে হবে, আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী-রাসুল পাঠিয়েছেন মানুষের সঠিক পথ প্রদর্শনের জন্য । সব নবী-রাসুল সত্যবাদী, সত্যায়নকারী, পুণ্যবান, সঠিক পথের দিশারি, তাকওয়াবান ও বিশ্বস্ত। নবী-রাসুলরা নিষ্পাপ। আল্লাহ তাঁদেরক যা কিছু দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তাঁরা তা পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন মানুষের কাছে। এবং সর্বশেষ নবী-রাসুল হচ্ছেন হযরত মুহাম্মদ (সা.)।

৫. পরকালে বিশ্বাস: এ বিশ্বাস দৃঢ়তার সহিত রাখতে হবে যে মৃত ব্যক্তিদের কবর থেকে আবার জীবিত করা হবে এবং সব মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহ কিয়ামতের দিন তাঁদের যাবতীয় কর্মের হিসাব নেবেন। মিজানের পাল্লায় আমলগুলো ওজন করা হবে। যার খারাপ কাজের চেয়ে ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাতি হবে। যার ভালো কাজের চেয়ে খারাপ কাজের পাল্লা ভারী হবে সে জাহান্নামি হবে।

৬. তাকদিরে উপর বিশ্বাস : তাকদিরে উপর বিশ্বাস করা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ। তকদির হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর তায়ালার নিয়মনীতি বা ইচ্ছা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এ বিশ্বাস রাখতে হবে সব কিছুর উপর।

এ চেতনার লালন করা এবং তাঁর বিধিব্যবস্থায় সন্তুষ্ট থাকার মধ্যেই মুসলমানের দুনিয়া ও আখরাতের শান্তি ও মঙ্গল নিহিত।

Loading