জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো ফরচুন বরিশাল। এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি দলটি। বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল।
শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠান। ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। তবে মাইদুল অঙ্কন ও জাকের আলির সাবধানী ব্যাটিংয়ের পর আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করেন মাইদুল অঙ্কন। এছাড়া রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।
ফরচুন বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৭৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
তামিম ইকবাল আগ্রাসী ব্যাটিং করতে থাকেন। তবে এরপর দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবাল ২৬ বলে ৩৯ ও মিরাজ ২৬ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর ফরচুন বরিশালের কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পথেই থাকে। মারমুখী ব্যাটিং করতে থাকেন কাইল মায়ার্স। তবে দলীয় ১৪১ রানে ৩০ বলে ৪৬ রান করে ফিরে যান এই ব্যাটার।
মুশফিক রহিম দলীয় ১৪৪ রানে ১৮ বলে ১৩ রান করে আউট হন। তবে ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় ফরচুন বরিশাল।
মিলার ৭ বলে ৮ ও মাহমুদউল্লাহ ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।
সেই সঙ্গে প্রথম শিরোপার জয়ের উৎসবে মাতে ফরচুন বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৫৪/৬ (মাহিদুল ৩৮, রাসেল ২৭, জাকের ২০,
বোলিং: ফুলার ২/৪৩, কাইল মায়ার্স ১/২৬, সাইফউদ্দিন ১/৩৭, মেককয় ১/২৪)
ফরচুন বরিশাল: ১৯ ওভারে ১৫৭/৪ (মায়ার্স ৪৬, তামিম ৩৯, মিরাজ ২৯;
বোলিং: মঈন ২/২৮, মোস্তাফিজ ২/৩১
ফল: ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কাইল মায়ার্স (ফরচুন বরিশাল)
ম্যান অব দ্য টুর্নামেন্ট: তামিম ইকবাল (ফরচুন বরিশাল)
![]()
