বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় দেশের মাটিতে কিউইদের বিপক্ষে, তাইজুলের ১০ উইকেট

জুমাস ডেস্ক: “নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল দেশের মাটিতে কিউইদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের অনির্বচনীয় স্বাদ পেল। চতুর্থ দিনেই পাওয়া যাচ্ছিল জয়ের সুবাস। তাইজুল ইসলামের ঘুর্ণীতে অবিস্মরণীয় সেই বন্দরে পৌঁছাতে দেরি হলো না মোটেও। সিলেট টেস্টের শেষ দিনে মধ্যাহ্ন বিরতির আগেই পূর্ণ শক্তির নিউজিল‍্যান্ডকে গুটিয়ে দিল বাংলাদেশ।”

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২ ডিসেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছে ১৫০ রানে। ৩৩২ রানের কঠিন লক্ষ‍্য তাড়ায় ৭১.১ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্মরণীয় এই জয় দিয়েই নতুন চক্র শুরু করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয় এটি। গত বছর তাদের ঘরের মাঠে প্রথম জয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ।

তাইজুল প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৭৫ রানে ৬ উইকেট। দশ উইকেট নিয়ে ম্যাচসেরা এই স্পিনারই।

বাংলাদেশের টেস্টে একাধিক জয় ছিল কেবল দুটি দেশ- জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই তালিকায় এবার যুক্ত হলো নিউজিল্যান্ডের নাম।

এই তিন দেশের বিপক্ষে ঘরে ও প্রতিপক্ষের মাটিতে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই তালিকায় নিউজিল্যান্ডকে যুক্ত করতে ঢাকা টেস্টের দিকে তাকিয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

জয় থেকে ৩ উইকেট দূরে থেকে শেষ দিন খেলতে নামে বাংলাদেশ। ড্যারিল মিচেলকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন নাঈম হাসান। শেষ দুই উইকেট নেন তাইজুল।

শেষ পর্যন্ত ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। দুই ইনিংস মিলে তার শিকার ১০ উইকেট। এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন তিনি। ম্যাচে দুইবার ১০ উইকেট নেওয়া তৃতীয় বাংলাদেশি বোলার তাইজুল। আগের দুজন- সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৩৮

নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩২) ৭১.১ ওভারে ১৮১ (ল্যাথাম ০, কনওয়ে ২২, উইলিয়ামসন ১১, নিকোলস ২, মিচেল ৫৮, ব্লান্ডেল ৬, ফিলিপস ১২, জেমিসন ৯, সোধি ২২, সাউদি ৩৪, এজাজ ০*, অতিরিক্ত ৫;

বোলিং: শরিফুল ৬-২-১৩-১, মিরাজ ১৫-৪-৪৪-১, তাইজুল ৩১.১-৮-৭৫-৬, নাঈম ১৭-৩-৪০-২, মুমিনুল ২-০-৫-০)।

ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তাইজুল ইসলাম।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *