প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের নিশাম-ঝড় ম্লান করে লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরের নিশাম-ঝড় ম্লান করে লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্সের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এ রকম বিশেষ দ্রষ্টব্য ছিল আরও অনেক। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরও নিউজিল্যান্ডের জিমি নিশাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের রীতিমতো বেধড়ক পিটিয়ে ৪৯ বলে ৯৭ রান করলেন, যেটা টি-টোয়েন্টি ক্যারিয়ারেই তাঁর সর্বোচ্চ। জয় তবু নিশামের দল রংপুরের নয়। এবারের বিপিএলে ফাইনালে প্রথম নাম লেখানো দলটা চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস।

অবশ্যই তাওহিদ হৃদয় আর লিটন দাসের ব্যাটিং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইনিংসে উজ্জ্বলতম বিশেষ দ্রষ্টব্য। রংপুরের ৬ উইকেটে করা ১৮৫ রানের জবাবে ইনিংসের প্রথম বলে ওপেনার সুনীল নারাইনকে হারিয়ে ধাক্কা খায় কুমিল্লা। তবে এরপর অধিনায়ক লিটন দাসের সঙ্গে তাওহিদ হৃদয়ের ১৪.৫ ওভারে ১৪৩ রানের দ্বিতীয় উইকেট জুটিতেই কার্যত ম্যাচটা কুমিল্লার মুঠোয় চলে আসে। ৭৩ বলে ৬৪ রান করেছেন তাওহিদ হৃদয়। ৪ ছক্কা ও ৯ বাউন্ডারিতে ৫৭ বলে ৮৩ রান করে অধিনায়ক লিটন দাস জয়ের পথে কুমিল্লাকে আরেকটু এগিয়ে দিয়ে আউট হয়েছেন দলীয় ১৭৩ রানে। দুই বিদেশি মঈন আলী ও আন্দ্রে রাসেল বাকি কাজটা করে দেন ৯ বল বাকি থাকতেই।

রংপুর রাইডার্সের নিশামের মাত্র ৩ রানের জন্য তিন অঙ্কে পৌঁছাতে না পারার হতাশা থাকতেই পারে, তবে স্কোরবোর্ডের দিকে তাকিয়ে তাৎক্ষণিক সেটা নিশ্চয়ই ভুলতে পেরেছিলেন কিছুটা। ৭ ছক্কার সঙ্গে আট ৪ ছিল তাঁর ইনিংসে। পূর্ব গ্যালারির লোহার গ্রিলে গিয়ে আঘাত করা মঈন আলীকে মারা একটা ‘ফ্ল্যাট সিক্স’ তো ছিল চোখে লেগে থাকার মতো। তানভীরকে হাঁটু গেড়ে বসে কাভারের ওপর দিয়ে মারা শেখ মেহেদীর ছক্কা, মুশফিককে মিড অন দিয়ে নিকোলাস পুরানের গ্যালারিতে উড়িয়ে নিয়ে ফেলা—নড়বড়ে শুরুর সঙ্গে অমিল বাড়াতে বাড়াতেই এগিয়েছে রংপুরের ইনিংস।

গতকাল ম্যাচের দিনটাই যেন ছিল বোলারদের মার খাওয়ার! দিনের প্রথম ম্যাচে শুভাগত হোম চৌধুরীর ১ ওভারে ২৬ রান নিয়েছেন কাইল মায়ার্স। পরের ম্যাচে মুশফিকের ১ ওভারে ২৮ রান নিয়েছেন নিশাম। দুটিই এবারের বিপিএলে ১ ওভারে সবচেয়ে বেশি রানের তালিকায় দখল করেছে শীর্ষ দুই স্থান। রংপুরের বোলারদের মধ্যে ঝড়টা বেশি গেছে হাসান মাহমুদের ওপর দিয়ে। ২ ওভারে ৩২ রান দিয়েছেন এই পেসার।

১ মার্চে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ হবে আগামীকাল বুধবার রংপুর রাইডার্স-ফরচুন বরিশালের মধ্যে অনুষ্ঠেয় ম্যাচের জয়ীরা।

সংক্ষিপ্ত স্কোর:

রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৮৫/৬ (নিশাম ৯৭*, নুরুল ৩০, মেহেদী ২২, রনি ১৩, পুরান ১৪;

বোলিং: রাসেল ২/৩৭, বর্ষণ ১/২১, তানভীর ১/৩০, মুশফিক ১/৭২, নারাইন ১/১১)

কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.৩ ওভারে ১৮৬/৪ (লিটন ৮৩, তাওহিদ ৬৪, মঈন ১২*, চার্লস ১০;

বোলিং: ফারুকি ২/২৭, মেহেদী ১/১৯, আবু হায়দার ১/২০)।

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ানস)

 

 

Loading